শনিবার, ১৩ জুন ২০২৬

মির্জাখীল দরবারের অনুসারীদের শুক্রবার ঈদ, প্রস্তুতি শতাধিক গ্রামে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:২২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামীকাল (২০ মার্চ) শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এ উপলক্ষে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শতাধিক গ্রামে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দরবার সূত্র জানায়, তাদের অনুসারীরা বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। প্রায় দুই শতাব্দী ধরে একই নিয়মে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চন্দ্র মাস সংশ্লিষ্ট অন্যান্য বিধান অনুসরণ করা হচ্ছে।

দরবারের খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের বহু গ্রামে একই দিনে ঈদ উদযাপন করা হবে। এছাড়া বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকাতেও দরবারের অনুসারীরা ঈদ পালন করবেন।

দরবার সংশ্লিষ্টরা জানান, হানাফী মাযহাব অনুসরণ করে তারা আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্য, দ্রাঘিমাংশ-অক্ষাংশ অনুযায়ী চাঁদের অবস্থান এবং মক্কা-মদিনাসহ আরব বিশ্বে চাঁদ দেখার সংবাদ বিবেচনায় এনে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিও