,

 

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর

ফটিকছড়িতে প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

​ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : 4 August 2026, 05:15

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সফর সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

​পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফটিকছড়ির পাইন্দং পেলাঘাজী দিঘী এলাকার সিএন্ড বি মাঠে নবনির্মিত হেলিপ্যাড এবং এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর আগমনের সার্বিক প্রটোকল নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। বিগত বন্যায় চট্টগ্রামে ব্যাপক ক্ষ ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রধানমন্ত্রীকে গ্রহণ ও বরণ করে নেওয়ার জন্য যা যা করণীয়, আমরা তার পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ করছি।’

​সফরসূচির ব্যাপারে তিনি আরও বলেন, “এখন পর্যন্ত আমরা চূড়ান্ত কোনো লিখিত সফরসূচি পাইনি। সেটা পর্যালোচনা সাপেক্ষে আমাদের দেওয়া হবে। তবে যে সূচিই নির্ধারিত হোক না কেন, তা সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না।”

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তাসহ নানা কার্যক্রমে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তিনি হাটহাজারীতে আয়োজিত একটি বিশাল জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।

​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

পূর্বতারা/ইউডি/এফকে

ভিডিও