পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন। নিজের ফেসবুক আইডি থেকে এসপিকে উদ্দেশ্য করে রায়হান লিখেছেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’
পোস্টটি মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, যে অ্যাকাউন্টটি থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন রায়হান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাতে সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও মো. রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালী ও যশোরে অভিযান চালানো হয়। অভিযানে ইমন গ্রেপ্তার হলেও নোয়াখালীর একটি বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান রায়হান।
পুলিশের খাতায় রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত।
ইমনকে গ্রেপ্তারের পরদিন সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেছিলেন, রায়হানকে প্রায় আটক করা হয়েছিল। তবে ছাদ থেকে লাফ দিয়ে তিনি পালিয়ে যান। তখন রায়হানকে উদ্দেশ করে এসপি বলেছিলেন, তিনি জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছেন।
এর পরিপ্রেক্ষিতেই রায়হান তার ফেসবুক পোস্টে এসপির বক্তব্যের জবাব দেন বলে ধারণা করা হচ্ছে। পোস্টে তিনি আরও দাবি করেন, বিপদের সময় নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে ‘সুযোগ পেলেই ভালো হয়ে যাব’ বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
রায়হান কীভাবে পুলিশের অভিযান থেকে পালিয়ে গেলেন, সে বিষয়ে এসপি মাসুদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাকে গ্রেপ্তারে প্রায় পাঁচ ঘণ্টা চিরুনি অভিযান চালানো হয়েছিল। কেউ তাকে পালিয়ে যেতে বা লুকিয়ে থাকতে সহায়তা করেছে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
জানতে চাইলে এসপি মাসুদ আলম বলেন, পুরো নোয়াখালীবাসী তো আর তাকে সাহায্য করেনি। হতে পারে গুটিকয়েক লোক তাকে জেনে বা না জেনে সাহায্য করেছে। এ সময় রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।