,

 

মেশিনের কাছে হেরে যাচ্ছে হাতে তৈরি সেমাই

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 27 February 2026, 10:20

এমন একটা সময় ছিল যখন পবিত্র রমজানকে সামনে রেখে রেখে চট্টগ্রামের সেমাই কারখানাগুলোতে ছিল দিনরাত ব্যস্ততা । সেমাই তৈরির আঁতুড়ঘর খ্যাত চাক্তাই,রাজাখালী,বাকলিয়া,খাতুনগঞ্জ,আছদগঞ্জ,মাদারবাড়িসহ নগরীর অনেক এলাকায় চলত সেমাই তৈরির মহাযজ্ঞ। হাতে চালিত যন্ত্রের সাহায্যে কারিগররা তৈরি করতো ঐতিহ্যবাহী সেমাই। সেমাই কারিগরদের দম ফেলার ফুরসত থাকত না। এখন হাতে তৈরি সেমাইয়ের সেই সুদিন আর নেই। যন্ত্রচালিত মেশিনের দৌরাত্ম্যে এখন বিলুপ্ত হতে বসেছে হাতে তৈরি সেই সেমাই।

চাক্তাই,রাজাখালী এলাকার সেমাই কারখানার কারিগরদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক কালে এসব এলাকায় শতাধিক হাতে চালিত মেশিনের সেমাই কারখানা ছিল। এখান থেকে উৎপাদিত সেমাই চট্টগ্রাম ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হত। তবে সময়ের আবর্তনে চাক্তাই রাজাখালী এলাকার সেই ঐতিহ্য আর নেই। শ্রমিকরা এখান থেকে সেমাই তৈরির পদ্ধতি শিখে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় গড়ে তুলেছে হাতেচালিত মেশিনের সেমাই কারখানা।

আবার তার সাথে যুক্ত হয়েছে বাজারে যন্ত্রচালিত মেশিনের প্রতাপ। বড় বড় কোম্পানিগুলো বর্তমানে স্বল্প সময়ে বেশি উৎপাদনের আশায় যন্ত্রচালিত সেমাই মেশিন চালু করেছে। যন্ত্রের প্রতাপে হাতে চালিত সাবেকি সেমাই মেশিনগুলো এখন প্রায় অচল বলা যায়। তবুও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এখনো চলছে হাতে চালিত মেশিনে সেমাই উৎপাদন।

এ ব্যাপারে চাক্তাই লাঠির পুল এলাকার ব্যবসায়ী নুরুল আমিন বলেন, আগে আমারও সেমাই কারখানা ছিল। তখন ব্যবসা ভাল ছিল। রমজানের প্রায় দুই/তিন মাস আগে থেকেই সেমাই তৈরির মৌসুম শুরু হত। বর্তমানে বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে। তাছাড়া এখন অটোমেশিন এসে গেছে। এখন সারাবছরই সেমাই উৎপাদন হয় বলতে গেলে। আমরা কারখানা বন্ধ করে দিয়েছি। কিছু কিছু ফ্যাক্টরিতে এখনো হাতে চালিত মেশিনে সেমাই বানানো হয়।

জানা গেছে, চাক্তাই ও রাজাখালী এলাকার কারখানাগুলোতে প্রায় ২০ হাজার টন সেমাই উৎপাদন হয় ঈদকে কেন্দ্র করে। কারিগররা প্রথমে ময়দার খামির তৈরি করে। তারপর হাতে চালিত সেমাইয়ের চিকন ডায়েসওয়ালা মেশিনে খামিরগুলো ঢেলে উপর থেকে চাপ দেয়া হয়। চাপের কারণে ডায়েসের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে সেমাই প্রস্তুত হয়। এরপর রোদে শুকিয়ে বা ব্রয়লারে ভেজে লালচে বর্ণের সুস্বাদু সেমাই তৈরি হয়
কিছু কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে, মানহীন কাঁচামাল ব্যবহার করে সেমাই তৈরির খবর পাওয়া যায়। তবে প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা অব্যাহত রয়েছে।

ভিডিও