শহিদ ওসমান বিন হাদির স্মরণে দোয়া মাহফিল ও পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া শাখার উদ্যোগে গত ২৪ ডিসেম্বর এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক দুইবারের প্যানেল স্পিকার ও সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, মালিক–শ্রমিক সম্পর্ক তাকওয়ার ভিত্তিতে গড়ে তুলতে হবে। কেবল সংগ্রামী বক্তব্য দিয়ে শ্রমিকের অধিকার আদায় সম্ভব নয়; এ জন্য কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, শ্রম খাতকে চাঁদাবাজিমুক্ত করতে হবে এবং শ্রমিক পরিবারের সন্তানদের উন্নত শিক্ষা ও চিকিৎসার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। শহিদ ওসমান বিন হাদির স্মরণে এই সমাবেশ আয়োজন করা হলেও শুধু দোয়ার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বরং দেশের সর্বত্র হাদির মতো আদর্শবাদী ও বিপ্লবী মানুষ গড়ে তুলতে হবে। এ সময় তিনি ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানের মাধ্যমে জাতীয় আত্মমর্যাদার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোক্তার হোসাইন সিকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আমিনুল হক। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।