চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা ডিবি (পশ্চিম) বিভাগের বিশেষ অভিযানে কোতোয়ালী থানার আসকারদিঘীর পূর্বপাড়া এলাকায় সংঘটিত আলোচিত দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি চুরিকৃত ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টাকায় কেনা একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে আসকারদিঘীর পূর্বপাড়ার কাঁচাবাজার গলির রিচ নাহার বিল্ডিংয়ের সপ্তম তলায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম পূরবী বিশ্বাস ১৬ ডিসেম্বর কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
এরপর ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস টিম ঘটনার ছায়াতদন্ত শুরু করে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ৩ থেকে ৪ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাইগারপাস এলাকা থেকে মো. জসিম (৪৩) ও মোস্তাকিন হোসেন মিঠু (৪২) নামে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জসিমের বাসা থেকে একটি চুরিকৃত HP ব্র্যান্ডের ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে আনোয়ারা ও পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের অপর সদস্য সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বর্ণ বিক্রির টাকা দিয়ে একটি নতুন Royal Enfield মোটরসাইকেল কেনার কথা স্বীকার করে।
তার দেখানো মতে একটি মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইসমাইলকে (৩০) নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণ উদ্ধারের জন্য টেরিবাজার এলাকার একটি দোকানে অভিযান চালানো হলে দোকানদার পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার ও চোরাই স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।