চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করার জন্যে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিষয়ে রুল হাইকোর্টে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ক্ষেত্রে ভোটের ফলাফল প্রকাশ স্থগিতের আগের আদেশ চলমান থাকবে। অর্থাৎ তার ফলাফল প্রকাশ ও শপথ আপাতত স্থগিত থাকছে। হাইকোর্টে রুল নিষ্পত্তির মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ করা হবে না।
এদিকে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনরায় যায় সারোয়ার আলমগীরের পক্ষে। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।