ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও মাঠে নেমেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) তিনি হাটহাজারী উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৪৫ জন এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৪০ জন।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও ভোটারদের অংশগ্রহণের সম্ভাব্য চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের কেবল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না; ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি ভোটগ্রহণের দিন ভোটারবান্ধব ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।