,

 

‘রক্ত দেব, জান দেব, বন্দর দেব না’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 August 2026, 03:10

‘রক্ত দেব, জান দেব, বন্দর দেব না’, ‘এনসিটি এনসিটি বিদেশিদের দেব না’, ‘আমার বন্দর, আমার মা—বিদেশিদের দেব না’।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার উদ্যোগের প্রতিবাদে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে এমন স্লোগান তুলেছে বন্দর রক্ষা কমিটি।

আজ সোমবার (৩ আগস্ট) নগরীর আগ্রাবাদ মোড়ে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। অনুষ্ঠানে আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় একটি নাগরিক কনভেনশন আয়োজনের ঘোষণা দেয় কমিটি।

সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেছেন, ‘বর্তমান নির্বাচিত সরকারকে বিব্রত করা আন্দোলনের উদ্দেশ্য নয়। বরং যারা সরকারকে বিতর্কিত করতে চায় এবং ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে চায়, তাদের অপচেষ্টা প্রতিহত করতেই এই আন্দোলন। দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। শ্রমিক-কর্মচারীদের রক্ত-ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠা এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না।’

বন্দর রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক শ্রমিক নেতা তপন দত্ত বললেন, ‘ বন্দর রক্ষার এই আন্দোলন নতুন নয়। ১৯৯৭ সাল থেকেই শ্রমিকরা এ আন্দোলন করে আসছেন। বিভিন্ন সরকারের আমলেও আন্দোলন দমনের চেষ্টা হয়েছে, কিন্তু শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরে যাননি।
পাঁচ দিন বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার জন্য শ্রমিকরা দায়ী নয়। কনটেইনার রাখার জায়গার সংকটের কারণেই সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শ্রমিকদের ওপর দায় চাপিয়ে প্রকৃত সমস্যা আড়াল করা উচিত নয়।’

বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বাসদ মার্ক্সবাদী, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য দীপা মজুমদার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহকারী সাধারন সম্পাদক ইব্রাহীম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মিজা্নুর রহমান, নির্মাণ শ্রমিক দল চট্টগ্রাম জেলার সভাপতি আব্দুল মন্নানসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও