চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শামসুল ইসলাম হেলালীর মাদ্রাসা থেকে সরকারি ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে বীজের বস্তাগুলো উদ্ধার করেন।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী মাদ্রাসাটির অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, বীজগুলো আমরা গত জুলাই মাসে কৃষকদের বিনা মূল্যে বিতরণ করেছিলাম। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়েছিল। এসব বীজ গত মাসেই কৃষকদের মাঝে বিতরণ করার কথা। কী কারণে এসব বীজ এখনো বিতরণ করা হয়নি, কীভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা আমরা তদন্ত করা হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের বিতরণের জন্য ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। চার বস্তা বীজ বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বীজ তিনি মাদ্রাসায় রেখেছিলেন। ব্যস্ততার কারণে আর বিতরণ করতে পারেননি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধারের পর বীজগুলো স্থানীয় কৃষকদের বিতরণ করা হয়েছে। মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বতারা/ইউডি