,

 

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 14 August 2026, 11:00

চট্টগ্রাম নগরে দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক। শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়েও অনেকে গ্যাস পাননি। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট তথ্য দিতে পারছে না।

শুক্রবার সকালে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ অপেক্ষার পর ক্ষুব্ধ চালকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

চালক শাহিদুল বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছেন না। এভাবে দিনের পর দিন বসে থাকলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে।

আরেক চালক জানান, দুই দিন ধরে গাড়ি চালাতে না পারায় কোনো আয় নেই। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই দিতে হচ্ছে।

ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কিছু করার নেই।

চালকেরা জানান, গ্যাস সংকটে তাদের আয়-রোজগার বন্ধ হওয়ার পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে। নগরের বিভিন্ন স্টেশনে একই পরিস্থিতি থাকায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে।

এদিকে সড়ক অবরোধের কারণে মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ভিডিও