,

 

সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজে জলদস্যুর হানা, আহত ৪ নাবিক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 11:43

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ‘এমভি ক্রিস্টিয়ানো রোনালদো’ নামের একটি লাইটার জাহাজে হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে লাইটার জাহাজের ৪ নাবিক আহত হয়েছেন।

১০ আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে ভাসান চর থেকে দক্ষিণে সন্দ্বীপ চ্যানেলের ফুলতলা বয়ার পাশে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জলদস্যুদের হামলায় সুমন সহ ৪ জন নাবিক আহত হন।

রূপগঞ্জ পৌঁছে জাহাজের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত উদ্যোগ গ্রহন করার কথা জানান তিনি।

ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে এমভি ক্রিস্টিয়ানো রোনালদোর মাস্টার তারেক মোবাইলে জানান, জাহাজটি গতকাল সোমবার সকাল ৭ টায় আমদানীকৃত ভুষি নিয়ে চট্টগ্রাম বন্দরের সীবিচ থেকে নারায়নগঞ্জের রূপসী রূপগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ১২ টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসান চর এলাকা থেকে ১৫ নটিক্যাল দক্ষিণ পশ্চিমে নৌযানটি চলাচলের সময় জলদস্যুদের হামলার মুখে পড়ে ।২০/২৫ জন জলদস্যু দ্রুতগতির ট্রলার নিয়ে জাহাজের সামনে ইট পাটকেল মেরে এটির গতিরোধ করার চেষ্টা করে। আকস্মিক এ ঘটনায় নৌযানে থাকা সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এক পর্যায়ে সশস্ত্র জলদস্যুরা জাহাজে উঠে কর্তব্যরত স্টাফদের মারধর করে। এ সময় জলদস্যুরা জাহাজের বিভিন্ন রুমের গ্লাস ভেঙে ফেলে। তারা জাহাজ থেকে গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ টাকা পয়সা লুট করে। তবে জাহাজের গতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় তারা দ্রুত নেমে যেতে বাধ্য হয়। হাতিয়ায় নেমে আহত কর্মকর্তারা চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম লাইটার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন এ রুটে বিপুলসংখ্যক যাত্রী এবং মালামাল দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। রুটে আইনগতভাবে কোন জাল ফেলার বৈধতা না থাকলেও জেলেদের জালপাতার বিষয়টি নৌযান চলাচলের পথে প্রতিবন্দ্বকতার সৃষ্টি করছে। এ কৌশলে বেড়েছে জলদস্যুদের উৎপাত। এ তৎপরতায় যাত্রী ও ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা বাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবী করছি।

পূর্বতারা/ইউডি/আরইউ

ভিডিও