,

 

ডেভিড ইমনকে গ্রেপ্তারেও থামেনি ‘বিদেশি নম্বরে’ চাঁদাবাজি, গুলিতে আতঙ্ক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 05:50

চট্টগ্রামে বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি ও গুলি করে আতঙ্ক সৃষ্টির ঘটনা থামছেই না। নগরের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে থাকলেও এবার পাঁচলাইশের হামজারবাগে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ির গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে হামজারবাগের রুনা টাওয়ারের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাইপ্রবাসী। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর গ্রেপ্তার হয়ে আজিজ এখন কারাগারে আছেন।

হাজী মোহাম্মদ ইউসুফের অভিযোগ, এর আগে তার ছেলে মোহাম্মদ শওকতের হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় রাতে দুই যুবক এসে গুলি করে চলে যায়।

ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর জানান, বিদ্যুৎ না থাকায় দুই যুবকের চেহারা ভালোভাবে দেখা যায়নি। তাদের একজনের হাতে অস্ত্র ছিল। গুলি করার পর তারা হেঁটে চলে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি এবং পরে হামলার অভিযোগ সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় সামনে এসেছে। গত জুলাইয়ে নগরের চকবাজারের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানটিতে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ করা হয়। ওই ঘটনায় ডেভিড ইমনের নাম আসে।

এর আগে চট্টগ্রামের এক সাংবাদিকের কাছেও বিদেশি নম্বর ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও গুলি করার হুমকির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ডেভিড ইমনের পরিচয় ব্যবহার করা হয়েছিল। গত ২৬ জুলাই হাটহাজারীর বড় দীঘিরপাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও বিস্ফোরণের অভিযোগ ওঠে। ওই ব্যবসায়ীর দাবি ছিল, দেশি-বিদেশি নম্বর থেকে তাকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। পরে মামলার পর আবার ৫০ লাখ টাকা দাবি করা হয় বলে সংবাদমাধ্যমে খবর আসে।

এদিকে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি ডেভিড ইমনকে। পুলিশ জানিয়েছে, তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছিল। তবে গ্রেপ্তারের পরও হামজারবাগে বিদেশি নম্বর থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং রাতে ভবনের গেটে গুলি করার অভিযোগ নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি করেছে। ঘটনার সময় এলাকায় লোডশেডিং চলছিল। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁদা দাবির বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

ভিডিও