রাঙামাটির লংগদু উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকারিয়া।
ওসি জানান, সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন- বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। ভিক্ষার উদ্দেশ্যেই তিনি লংগদুতে গিয়েছিলেন।
ওসি মো. জাকারিয়া আরও জানান, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রাত আটটার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি জানতে পেরে তারা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরবর্তীতে ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
পূর্বতারা/ইউডি/এমইউবি