,

 

ত্রুটি নিয়ে বন্দরে ঢোকা সেই বিদেশি জাহাজকে কোটি টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 01:53

কারিগরি ত্রুটি থাকা সত্ত্বেও তা চট্টগ্রাম বন্দরকে না জানিয়ে বন্দরে ঢুকে পড়ে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করার দায়ে বিদেশি জাহাজ ‘সিএনসি ইউরেনাস’ ও শিপিং এজেন্ট আমেরিকান প্রেসিডেন্ট লাইনকে (এপিএল) ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই জরিমানা করেছে।

গতকাল সোমবার জরিমানা সংক্রান্ত একটি আদেশ সিএনসি ইউরেনাস’র মাস্টার ও শিপিং এজেন্ট এপিএল’কে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে এপিএল বাংলাদেশের হেড অব অপারেশন এনামুল হক টিটু বলেন, আমরা বন্দরের জরিমানা পরিশোধের প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে এই জাহাজে ১৩শ ইউনিট রপ্তানি কনটেইনার বুকিং আছে। সেগুলো জাহাজীকরণের অনুমতিও চেয়েছি।’

চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, নৌযান চলাচলে শৃঙ্খলার দৃষ্টান্ত। ভবিষ্যতে এসব বিষয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ আমদানি-রপ্তানির লাইফলাইন অচল হলে এই জরিমানা কোনো কাজে আসবে না।

গত সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে মাল্টার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস স্টিয়ারিং গিয়ার বিকল হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের জেটিতে ঢুকে পড়ে। তবে তা কর্ণফুলীর মোহনায় ২ নম্বর বয়লারে ধাক্কা খেয়ে সংলগ্ন দেয়ালে ওপর আটকা পড়ে। ওইসময় জাহাজটিতে ১ হাজার ২৮২ টি কন্টেইনার বোঝাই ছিল। জাহাজটি চীনের শিকৌ বন্দর থেকে কন্টেইনারগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।

সিএনসি ইউরেনাস জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটিতে ভিড়ে আমদানি পণ্য নামানো শেষ করেছে। বর্তমানে সেটিতে রপ্তানি পণ্য বোঝাই চলছে । আগামীকাল বুধবার জাহাজ রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছাড়ার কথা রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও