,

 

মন্ত্রী বা প্রভাবশালী যেই হোক, পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 05:02

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের অনিয়মের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কোনো অনৈতিক ব্যবসা চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেন, কে কার সাথে পরিচিত, এই সরকারের অধীনে এগুলো চলবে না। যে-ই জড়িত থাকবে, এই সরকারের অধীনে এসব পৃষ্ঠপোষকতার ব্যবসা আমরা করতে দেব না। সে যত বড়ই মন্ত্রী হোক বা পাওয়ারফুল লোক হোক—কাউকেই কোনো সুযোগ দেওয়া হবে না।

ব্যবসায়িক কার্যক্রম সহজীকরণ ও চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির স্থায়িত্ব আনা ও টেকঅফ করার জন্য মূল লক্ষ্য হচ্ছে ব্যবসাকে সহজ করা (ডি-রেগুলেশন) এবং অতিরিক্ত খরচ কমানো। কাস্টমস ও পোর্টের দীর্ঘসূত্রিতার কারণেই মূলত সাধারণ মানুষকে উচ্চ দ্রব্যমূল্যের মাশুল গুনতে হয়। সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়ে যেসব খরচ বাড়ে, দিনশেষে তা জনগণের ওপর গিয়ে পড়ে।

তিনি জানান, বন্দর ও কাস্টমসের কাজকে আরও দ্রুত ও সমন্বিত করতে প্রথমবারের মতো দুই বিভাগকে নিয়ে নির্দিষ্ট সময়সীমাবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে পণ্য খালাস ও রপ্তানি প্রক্রিয়া দ্রুতগতির হবে, যা বাংলাদেশি ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আস্থা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

বন্দর পরিচালনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, বন্দর দেশি বা বিদেশি যারাই পরিচালনা করুক না কেন, জনগণের স্বার্থ এবং অর্থনীতির কথা বিবেচনা করে সরকার নির্ধারিত নীতি ও শৃঙ্খলা মেনেই তাদের কাজ করতে হবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও