প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ উন্নয়নে আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা রয়েছে। নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ উন্নয়নে সবাইকে আগের মত একসঙ্গে থাকতে হবে।
রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব।
আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন যে আমি এসে আমার প্রিয় হুজুরের কাছে যেতে পেরেছি।
তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো শেষ হয়নি।বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের মানুষকে বিভিন্ন সমস্যার খেসারত দিতে হচ্ছে।
ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এসে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজত আমিরের একান্ত বৈঠকে ছয়জন শীর্ষ আলেম-মাশায়েখ অংশ নিয়েছেন।
পূর্বতারা/ইউডি