কক্সবাজারের মহেশখালী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বাঁশখালী পৌঁছেছেন।
রোববার (৯ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী থেকে বাঁশখালী পৌঁছেন তিনি। মহেশখালীতে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন।
বাঁশখালীতে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতে হাজার হাজার জনতা উপস্থিত হন।
বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ বিতরণ করবেন এবং ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।
এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। তারপর সেখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাত্রা দেবেন।
পূর্বতারা/ইউডি