কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টা নাগাদ তিনি মহেশখালী মাতারবাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের মহেশখালী মাতারবাড়ি পৌঁছার একটি রিলস ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায় নামছেন। নামার পর তিনি বন্দরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এরপর কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি হেঁটে বন্দরের কার্যালয়ের দিকে চলে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তারেক রহমানের চট্টগ্রাম-কক্সবাজার সফরসূচিতে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত, বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রা বিরতি, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে বিএনপি’র সাংগঠনিক সভায় যোগদান।
পূর্বতারা/ইউডি