,

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ৫০ শয্যার মেডিকেল সেন্টার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : 8 August 2026, 07:56

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় লিখিত বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও আধুনিক করতে ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

উপাচার্য বলেন, প্রস্তাবিত মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান, নার্স ও প্রয়োজনীয় অন্যান্য জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি চিকিৎসাব্যবস্থাকে আধুনিকায়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, প্রস্তাবিত ৫০ শয্যার মেডিকেল সেন্টার বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত ও আধুনিক হবে।

প্রসঙ্গত, আজ চবির ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ছয় ঘণ্টার অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত বাজেটে বেতন খাতে ১৭৭ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা এবং ভাতা বাবদ ১১৫ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন স্কিমের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি টাকা। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭৫ লাখ, যানবাহন খাতে ২ কোটি ৭৮ লাখ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ভিডিও