,

 

হিমছড়িতে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 5 August 2026, 04:42

টানা ভারী বর্ষণে কক্সবাজারের পর্যটনকেন্দ্র হিমছড়ি এলাকায় পাহাড়ধসে মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (৫ আগস্ট) সকালে পাহাড়ের একটি বড় অংশ ধসে সড়কের ওপর পড়লে কক্সবাজার শহরের সঙ্গে হিমছড়ি, ইনানী ও টেকনাফমুখী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পাহাড়ধসে সড়কের ওপর মাটি, পাথর ও গাছপালা পড়ে থাকায় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে পর্যটকবাহী বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে থাকা শত শত পর্যটক ও সাধারণ যাত্রী দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর থেকে হিমছড়ি ও আশপাশের এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। এতে পাহাড়ের মাটি নরম হয়ে একপর্যায়ে পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। আকস্মিক এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, ধসে পড়া মাটি ও গাছপালা পুরোপুরি সরানো না হওয়া পর্যন্ত ওই অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ। গত কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বুধবার ভোরে ধসের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, সড়কের ওপর মাটি পড়ে যাওয়ায় যান ও জন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। দ্রুত সড়ক থেকে মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ভিডিও