,

 

চট্টগ্রামে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 August 2026, 10:24

চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। আগামী শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। নগরীর ৪৮টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাকে চট্টগ্রামের অন্যতম বড় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা।

সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ এমপি।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চর্চা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে স্কুল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করে প্রথমে লিগ পদ্ধতিতে এবং পরে নকআউট পর্বে খেলা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। ফিফার আইন অনুযায়ী ম্যাচ পরিচালনা করা হবে।

চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ২ লাখ টাকা, রানার্সআপ দলকে ১ লাখ টাকা, তৃতীয় দলকে ৫০ হাজার টাকা এবং চতুর্থ দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, সুশৃঙ্খল দল ও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি ও পুরস্কার দেওয়া হবে।

অংশগ্রহণকারী ৪৮টি স্কুল দলকে আয়োজকদের পক্ষ থেকে বুট, মোজা, জার্সিসহ প্রয়োজনীয় খেলার সামগ্রী দেওয়া হবে। খেলা চলাকালে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্যসচিব মসিউল আলম স্বপন, মিডিয়া কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা এবং খেলা পরিচালনা সমন্বয়ক মামুন উদ্দিন মামুন বক্তব্য দেন।

বক্তারা বলেন, এ আয়োজন শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়; স্কুল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মকে সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি উদ্যোগ। টুর্নামেন্ট সফল করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা মো. মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মন্জুরুল আলম মন্জু, জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদ আলম, কামরুল ইসলাম, জাফর আহম্মদ, নুরুদ্দীন হোসেন নুরু, গাজী আইয়ুব, মোহাম্মদ আজম, সেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, ক্রীড়া সংগঠক জাহেদুর হাসান, জাসাস নগর আহবায়ক এম এ মুসা বাবলু, নগর তাতী দলের আহবয়ক সেলিম হাফেজ, ক্রীড়া দলের হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

ভিডিও