রেললাইন ডুবে যাওয়ায় পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা ১১ টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। এর মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ উপলক্ষে রোববার বেলা সোয়া ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ষোলশহর স্টেশন পরিদর্শনে যান।
সহকারী স্টেশন মাস্টার পলাশ দে বলেন, ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে কক্সবাজার রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ট্রেনও পর্যায়ক্রমে চলবে।
এর আগে টানা বৃষ্টিপাতের কারণে ৭ জুলাই ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা ও শমসের পাড়া এলাকায় রেললাইন পানিতে তলিয়ে গেলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওইদিন ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশন ও জানালিহাটের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে। পরে ট্রেনটি আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।
পূর্বতারা/ইউডি