,

 

বন্যায় হাটহাজারীতে সাপের উৎপাত, ২৪ ঘণ্টায় ৮ রোগী

মো. একরামুল হক

প্রকাশ : 12 July 2026, 03:45

আকস্মিক বন্যায় হাটহাজারী উপজেলায় সাপের উৎপাত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এর মধ্যে ৭ জনই ক্ষীণ বিষধর লাউডগা বা গ্রিনভাইন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে সাপে কাটা রোগীদের চাপ বেশি। বেশিরভাগ রোগীই উপজেলার গ্রামাঞ্চল ও ঘাস-ঝোপঝাড় এলাকা থেকে এসেছেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বলেন, “গত ২৪ ঘণ্টায় ৮ জন সাপে কাটা রোগী এসেছে। এর মধ্যে ৭ জন লাউডগা সাপের কামড়ে আক্রান্ত। আতঙ্কিত হওয়ার কিছু নেই। লাউডগার বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই এখন সুস্থ আছে। একজন নিজে থেকে চমেকে চলে গিয়েছিল, খবর নিয়ে জেনেছি তিনিও ভালো আছেন।”

তিনি আরও বলেন, “হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় এন্টি ভেনম মজুদ রয়েছে।” বৃষ্টির কারণে সাপগুলো ঘরবাড়ি ও উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে। এসময় চলাচলে সতর্ক থাকতে হবে। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে ওঝা বা কবিরাজের না গিয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে। রাতে ঘুমানোর সময় মশারি টাঙানো, ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং অন্ধকারে চলাচলের সময় টর্চ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা জানান, লাউডগা সাপ মূলত একটি মৃদু বা ক্ষীণ বিষধর সাপ। এর বিষ কেবল টিকটিকি, ছোট পাখি বা ব্যাঙের মতো ছোট শিকারকে কাবু করার জন্য কাজ করে। মানুষের শরীরে এর বিষের প্রভাব সাধারণত সামান্য চুলকানি বা ফুলে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

পূর্বতারা/ইউডি/এএইচ

ভিডিও