কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৫ এ একটি মহিলা মাদ্রাসার ওপর পাহাড় ধসে পড়ে ৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টায় ক্যাম্প-৫’র ব্লক-এ (এ-৩) এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উদ্ধারকারী দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখন পর্যন্ত মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন,“আমরা এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধারের কথা জানতে পেরেছি।তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে। নিহতদের নাম,পরিচয় জানা এখনো সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, টানা ভারী বর্ষণের মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে পাশের মহিলা মাদ্রাসাটির ওপর। এসময় সেখানে শিক্ষার্থীরা মাদ্রাসাটিতে অবস্থান করছিলেন। ওই মাদ্রাসায় আনুমানিক ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তবে পাহাড় ধসের সময় ১০ জন শিক্ষার্থী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, স্থানীয়দের কাছে পাওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ২০ জনের অধিক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে রোববার রাতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে। প্রবল বর্ষণে আলাদা পাহাড় ধসে আটজন রোহিঙ্গার মৃত্যু হয়।
পূর্বতারা/ইউডি