,

 

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন ৫ ফুট উঁচু করার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 8 July 2026, 02:12

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার পর ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার (৮ জুলাই) দুপুরে নগরীর ষোলশহর শমসেরপাড়া এলাকায় জলমগ্ন রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ৪৭ কিলোমিটার রেললাইন উঁচু করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। রেললাইন পাঁচ ফুট উঁচু করা হলে ভবিষ্যতে ভারী বৃষ্টিতেও রেল চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

তিনি বলেন, গত দুই দিনের বৃষ্টিপাত ছিল কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বোচ্চ। কোথাও দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি জমেছে। এ অভিজ্ঞতার ভিত্তিতেই রেললাইনের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রেললাইনে পানি জমে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

টিকিট কেটে যাত্রা করতে না পারা যাত্রীদের ভাড়া ফেরত দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ষোলশহর এলাকায় রেললাইনও পানির নিচে চলে যায়। এ কারণে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মাঝপথে আটকা পড়ে এবং পরে চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে এনে যাত্রা বাতিল করা হয়।

একইভাবে বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছানো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনও জলাবদ্ধতার কারণে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটির চলাচলও বাতিল ঘোষণা করা হয়।

ভিডিও