,

 

মায়ের কোলে দুধ খাচ্ছিল শিশু, ধসে পড়ল পাহাড়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 8 July 2026, 02:30

প্রতিদিনের মত আজ বুধবারের সকালেও ঘুম থেকে উঠে মা চেমন আরার কোলে শুয়ে দুধ খাচ্ছিল ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীর। মা চেমন আরার বুকের উষ্ণতাতেই শুরু হচ্ছিল আরেকটি নতুন দিন। কিন্তু সেই স্বাভাবিক সকাল মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া পাহাড় হঠাৎ করেই ধসে পড়ে তাদের ঘরের ওপর। এক নিমিষেই ঘরটি মাটির নিচে চাপা পড়ে যায়। মা ও শিশু—দুজনই চাপা পড়েন মাটির নিচে।

স্বজনদের আর্তচিৎকার। জীবন্ত দুটি মানুষের কবরের অনুভূতি, সময়ের সঙ্গে যেন নিভে যাচ্ছিল দুটি প্রাণের প্রদীপ।। বেঁচে থাকার আকুতি।

স্থানীয়রা কোনোরকমে ধসে পড়া মাটি খুঁজে বের করে আনেন মা চেমন আর ও ছেলে তানভীরকে। কিন্তু ততক্ষণে অনেককিছুই শেষ। মাকে বাঁচানো গেলেও বাঁচানো গেল না কোমলপ্রাণ শিশু তানভীরকে। মাটির চাপায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তানভীর।

ঘটনাটি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় সলিমপুরের ১নং ওয়ার্ডের ৬ নং সমাজ বাগানবাড়ি এলাকায় পাহাড় ধসে পড়ে শিশু তানভীর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তানভীরের মা চেমন আরা।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ঘরের চালের ওপর পাহাড় ধসে মা ও শিশু দুজনেই চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করেন। তবে শিশুটি মারা গেছেন। মা সুস্থ আছেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও