,

 

হালদার ঢলে ভেসে গেল তিন উপজেলার সংযোগ সাঁকো

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : 8 July 2026, 06:59

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন সংলগ্ন হালদা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। এতে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে নদীর স্রোত বেড়ে যাওয়ায় সাঁকোটি ভেঙে নদীতে ভেসে যায়। এর ফলে তিন উপজেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমটি বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও দিনমজুররা।

জানা গেছে, বহু বছর ধরে নাঙ্গলমোড়া, নোয়াজিষপুর ও দক্ষিণ নিশ্চিন্তাপুরসহ আশপাশের এলাকার মানুষের জন্য এই বাঁশের সাঁকোই ছিল সবচেয়ে সহজ ও স্বল্প দূরত্বের যোগাযোগ পথ। প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করে হাটহাজারী সদর, চট্টগ্রাম শহর এবং পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করতেন। সাঁকো ভেঙে যাওয়ায় এখন তাদের কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় দুটিই বেড়ে গেছে।

নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য লায়ন ডা. সালাউদ্দীন আলী বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে একটি ডিও লেটার দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত স্থায়ী সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ভিডিও