তিন দিন ধরে চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পতেঙ্গায়। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানিয়েছেন মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।
তিনি জানান, সাগরে ৩ নম্বর সংকেত এবং জলাবদ্ধতা ও ভূমিধসের সতর্কতা রয়েছে।
আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের সাথে মৌসুমি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। যদিও লঘুচাপটি এখন ভারতের ঝাড়খণ্ড ও ওডিশা এলাকায় সরে গেছে, তবু সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী অন্তত এক সপ্তাহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা কমিটির প্রস্তাব অনুযায়ী আজকের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। সময়সূচিও জানিয়ে দেওয়া হবে।
বৃষ্টির কারণে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, হালিশহর কে ব্লক, এল ব্লকের সোনালী আবাসিক এলাকা, কাতালগঞ্জ,, কাপাসগোলা, ফরিদার পাড়া, চান্দগাঁও, চকবাজার , কাট্টলীর ঈশান মহাজন সড়ক, বসুন্ধরা আবাসিক , রামপুর, আনন্দীপুরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন আজ সকালে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে তিনি বলেন, বৃষ্টি এখনো থামেনি। খালের কাজ চলার কারণে পানি জমেছে। বিশেষ করে হিজড়া খাল, জামাল খান খাল, আজব বাহার খাল ও গুলজার খাল। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজ করছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিটি করপোরেশনও এসব এলাকার নালাগুলো পরিষ্কার করেছে। তবে পুরোপুরি নিরসনের জন্য একটু সময় দিতে হবে। কাতালগঞ্জ নিচু এলাকা হওয়ায় পানি জমছে। তবে প্রবর্তক মোড়, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার ও মুরাদপুর এলাকায় পানি ওঠেনি।
পূর্বতারা/ইউডি