,

 

শিশু ইরা মনি হত্যা মামলার রায় কবে ?

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 7 July 2026, 12:08

সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরা মনি হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে তা পেছানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বেঞ্চ সহকারী আব্বাস হোসেন।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) আদালত বসলে মামলাটির নতুন তারিখ পড়তে পারে। মামলার একমাত্র আসামি গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকার বাসিন্দা বাবু শেখ (৪৫)।

নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত বাবু শেখ। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়। ঘটনার পর ইরা মনির মা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠনের পর ২১ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৩০ জুন তিনি আদালতে সাফাই সাক্ষ্য দেন। এর আগে ছয় কার্যদিবসে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও