চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়ার কারণে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও চট্টগ্রামের পরিবর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করেও সফল না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলে সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে।