,

 

ভারী বর্ষণে আটকা ৬৯ পর্যটক নিরাপদে, শুক্রবার পর্যন্ত বন্ধ বান্দরবানের পর্যটনকেন্দ্র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : 7 July 2026, 03:04

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের দুর্গম নাফাখুম এলাকায় আটকা পড়া ৬৯ পর্যটক ও ১০ জন ট্যুরিস্ট গাইড বর্তমানে নিরাপদে রয়েছেন। তারা নাফাখুম থেকে রেমাক্রি ইউনিয়নে পৌঁছেছেন। তবে নদীর স্রোত ও আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় এখনো জেলা সদরে ফিরতে পারেননি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল ফয়সাল জানান, পর্যটকরা রেমাক্রিতে নিরাপদে অবস্থান করছেন। পরিস্থিতির উন্নতি হলে তাদের পর্যায়ক্রমে লোকালয়ে ফিরিয়ে আনা হবে।

এদিকে টানা বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে পর্যটকদের এ সময় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে, সোমবার বান্দরবান-থানচি সড়কে পাহাড়ধসের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরে তা স্বাভাবিক করা হয়।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি ১১ জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানান তিনি।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে নিরাপদে অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ভিডিও