টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটিতে পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা চালায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টিসহ জেলাজুড়ে মোট ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখনো আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বৃষ্টিপাত আরও বাড়লে প্রয়োজন হলে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন।
রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।