চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কুকুরকে নির্মমভাবে পানিতে চুবিয়ে মারার অপরাধে আব্দুল হান্নান (৪৪) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেনের ভ্রাম্যমান আদালতে এ দন্ড দেয়া হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ আর করবে না মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজীর হাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় হাজীর হাট এলাকায় নিজের বাড়িতে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তি একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে বাড়ির পাশের একটি ডোবায় নিয়ে গিয়ে কুকুরটির মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত চুবিয়ে রাখে। অবলা প্রাণীটির ওপর এমন নিষ্ঠুর নির্যাতনের একটি ভিডিও চিত্র দৈনিক পূর্বতারার ফেসবুক ফেইজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সর্বত্র তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ভিডিওটি নজরে আসার পর থেকেই সন্দ্বীপের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন অপরাধীকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে। আজ (শুক্রবার) বিকেলে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করা হয়।
পূর্বতারা/ইউডি/আর ইউ