Tuesday, 30 June 2026

এনসিটি-সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 05:44

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে এক এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এনসিটি ও সিসিটি দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এগুলো বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি, কর্মসংস্থান সংকট এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে।

সমাবেশ শেষে ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’, ‘রক্ত দেব, জীবন দেব, এনসিটি-সিসিটি দেব না’ এবং ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে’ স্লোগানে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি বাদামতলি মোড় থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা দাবি করেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে নিজস্ব সক্ষমতায় সফলভাবে পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রকে উল্লেখযোগ্য রাজস্ব দিচ্ছে। তাই বিদেশি সংস্থাকে দায়িত্ব না দিয়ে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, দক্ষ জনবল নিয়োগ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের সক্ষমতা আরও বাড়ানো উচিত।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতনের সভাপতিত্বে এবং টিইইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

সমাবেশ থেকে অবিলম্বে এনসিটি ও সিসিটি ইজারার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো ইজারা চুক্তি করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিডিও