Tuesday, 30 June 2026

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 11:25

ঋণখেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

মামলার ধারাবাহিকতায় গত ২০ জুন আপিল বিভাগ আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে মতামত দেওয়ার জন্য নিয়োগ দেন। এর আগে ৯ জুন ব্যাংক এশিয়া পিএলসির করা আপিলের ওপর শুনানি শুরু হয়।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও ব্যাংক এশিয়া নির্বাচন কমিশনে আপিল করেন। তবে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল খারিজ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করা হলেও ২৭ জানুয়ারি হাইকোর্ট রিট দুটি খারিজ করে দেন। ফলে নির্বাচনের আগে আসলাম চৌধুরী প্রার্থিতা ফিরে পান এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তিনি বেসরকারিভাবে বিজয়ী হলেও উচ্চ আদালতের নির্দেশে তার ফলাফল প্রকাশ স্থগিত ছিল।

পূর্বতারা/ইউডি

ভিডিও