Tuesday, 30 June 2026

কর্ণফুলীতে দুই জাহাজের ধাক্কা, ১২ নাবিক উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 12:23

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুই জাহাজের ধাক্কায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে নেভাল অ্যাকাডেমির বিপরীতে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় বে হারবার-টু নামের লাইটারটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজটিও উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ কোস্ট গার্ড জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পর পরই জাহাজের নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। কোস্ট গার্ড প্রথমে ৮ জনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা পারকি বিচ এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করেন।

চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার কারণে বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।

পূর্বতারা/ইউডি

ভিডিও