Tuesday, 30 June 2026

প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে অচলাবস্থা, আসলাম চৌধুরীর ভিডিও বার্তা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 06:18

ঋণখেলাপি অভিযোগে চট্টগ্রাম-৪ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এই খবর ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচিতে মাঠ গরম করে রেখেছে। এতে করে সীতাকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থার সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা মহাসড়কে বড় বড় গাছের গুড়ি যান চলাচল বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে দায়িত্ব পালন করছেন।

তবে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন আসলাম চৌধুরী।

রায় ঘোষণার পর সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের সৃষ্ট এই অচলাবস্থা থামানোর আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দুটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন আসলাম চৌধুরী।

ভিডিও বার্তায় আসলাম চৌধুরী বলেন, আপনারা সড়কে ব্যারিকেড দেবেন না। মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করবেন না। আপনারা রোড ব্যারিকেড করলে দলেরই বদনাম হবে। এখনো আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় আসেনি। পুর্ণাঙ্গ রায় আসার পর আমরা আদালতে রিভিউ আবেদন করব। রিভিউর মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন হবে। আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, যখন মনোনয়ন পত্র দাখিল করি, তখন রিটার্নিং অফিসার আমাকে বৈধ করেছেন। পরবর্তীতে নির্বাচন কমিশনও আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এ নিয়ে তারা (প্রতিপক্ষ) হাইকোর্টে রিট করলে সেটাও খারিজ হয়। সুপ্রিম কোর্টে আপিল করা হলে সেখানেও আমাকে নির্বাচন করার অনুমতি দেয়া হয়। জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। তবে আপিল বিভাগের রায়ের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।

তিনি আরও বলেন, ঋণখেলাপির সংজ্ঞা অনুসারে আমরা প্রতিটি পর্যায়ে জয়ী হয়েছি। তারপরও আপিল বিভাগের রায় নিয়ে মন্তব্য করার আমাদের কোনো সুযোগ থাকে না।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ।

পূর্বতারা/ইউডি

ভিডিও