Tuesday, 30 June 2026

মানবতাবিরোধী অপরাধ

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 04:17

চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই আদেশ দেন।

আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

মামলায় বর্তমানে ফজলে করিম চৌধুরীসহ পাঁচ আসামি গ্রেপ্তার আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এরপর উপস্থিত আসামিদের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তাঁরা দোষ স্বীকার করেন কি না। উপস্থিত আসামিরা বলেন, তাঁরা নির্দোষ।

আজও আসামি ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হয়। পরে স্ট্রেচারে তাঁকে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়। বিচারের কাজ চলার সময় এজলাসে স্ট্রেচারে শুয়ে ছিলেন তিনি।

মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ—২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা। দ্বিতীয় অভিযোগ—২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও