চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ কর্মীর নাম এনায়েত আলী (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা গেছে।
এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী জানিয়েছেন, এলাকায় মসজিদ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। এ ছাড়া রাজনৈতিক কারণেও তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।’
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে মো. রায়হান (২৬) নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পূর্বতারা/ইউডি