চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে চলমান আইনি জটিলতার শুনানি আগামী বৃহস্পতিবার (২ জুলাই) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত আগামী ২ জুলাই বৃহস্পতিবার পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
আইনজীবীরা জানান, আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী মো. আহসানুল করিম ও ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তার প্রার্থিতা পুনর্বহাল করেন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।
গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করে আপিল বিভাগ পরবর্তী নির্দেশনা দেন।