Monday, 29 June 2026

চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 June 2026, 06:03

চট্টগ্রাম নগরীতে ১৭ বছর আগে মো. পলাশ নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– মাহমুদুল হাসান ওরফে সোহেল ও আইয়ুব আলী ওরফে বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষ্যপ্রমাণে মো.পলাশকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে আদালত দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে পলাশকে ২০০৯ সালের ২৭ আগস্ট নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট ২০০৯ সালের ২৮ আগস্ট বাকলিয়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়।

ভিডিও