Thursday, 25 June 2026

চবির সিনেট সদস্য হলেন ৫ সাংসদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 25 June 2026, 07:19

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত ৫ জুন সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশ্যে আসে।

মনোনীত সংসদ সদস্যরা হলেন চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৬ আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পত্রের আলোকে পাঁচজন সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল কোন নোটিশ পৌঁছায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সিনেট হলো একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ। এ পর্ষদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসন, অ্যাকাডেমিক কার্যক্রম, আর্থিক বিষয়, বাজেট অনুমোদন, বিধি প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে।

ভিডিও