বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসীত) তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে পিস্তল এবং এলএনজি উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সিলকপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

আটক ব্যক্তিরা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গা ইউনিয়নের মানসীপাড়া এলাকার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, পার্বত্যাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিডিও