খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেখুংপাড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হ্লাপ্রুসাই মারমা (৩০), তেজেন্দ্র চাকমা (২৭) এবং বিশ্ব ত্রিপুরা (২৮)।
নিরাপত্তা বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া, কুলপাড়া ও সংলগ্ন এলাকায় পরিচালিত সেনাবাহিনীর বিশেষ টহল কার্যক্রমের অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বতারা/ইউডি