বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাঙামাটিতে গৃহবধূ হত্যাকাণ্ডে গ্রেফতার ২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৫২

রাঙ্গামাটিতে টাকা চুরি করতে গিয়ে গৃহবধূ আয়েশা বেগমকে হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মো. সোহাগ (১৭) ওমর আলী (১৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এসপি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

তিনি বলেন, ঘটনার পরদিন ওই নারী ছেলে আশরাফ আলীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা ও সুবলং পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান চালিয়ে গত ২৪ জুন ওই উপজেলার বরুনাছড়ি এলাকার বাসিন্দা মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)-কে গ্রেফতার করা হয়।

এসপি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির ছাদে লুকিয়ে রাখা ১ লাখ ছয় হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির পাশের করলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের মোট পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা।

তিনি বলেন, পুলিশের পেশাদারিত্ব, দ্রুত তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন আনুমানিক সন্ধ্যার দিকে জেলার বরকল উপজেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে আয়েশা খাতুন (৪৯) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত  করে হত্যা করে ঘরে থাকা নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় খুনিরা।

পূর্বতারা/ইউডি/ এম ইউ বি

ভিডিও