চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনায়েত চৌধুরী বলেন, বুধবার বিকেলে চট্টগ্রাম আদালতে জেলা পুলিশের প্রসিকিউশন শাখায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জুয়েল অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে গ্রেফতার তেজপ্রিয় বড়ুয়া রিমনকে একমাত্র আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ২২ জনকে। ঋণের টাকা আত্মসাৎ করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জুয়েল মিয়া। তিনি বলেন, সুজন বড়ুয়া প্রতিবেশী তেজ বড়ুয়ার কাছে ১ লাখ ১৭ হাজার টাকা পেতেন। এ টাকার লিখিত স্ট্যাম্প সুজন বড়ুয়ার ঘরে ছিল। টাকার বিপরীতে নিয়মিত সুদ দিতেন তেজ বড়ুয়া। এ কারণে এসব স্ট্যাম্প চুরির পরিকল্পনা করেন তিনি। তবে চুরি করতে গেলে এনি তাঁকে দেখে ফেলেন। এ কারণে তেজ প্রথমে এনিকে ও পরে তাঁর মেয়ে প্রিয়ন্তীকে ছুরিকাঘাতে হত্যা করেন।
সুজনের বাড়ি ও আসামি তেজপ্রিয়র বাড়ি পাশাপাশি। দুজন সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার পরদিন ১৪ জুন রাতে তেজপ্রিয়কে পুলিশ পটিয়া থেকে গ্রেফতার করে। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।
পূর্বতারা/ইউডি