০
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিন সজিব ওরফে ভাল্লুক নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ভোরে উপজেলার কালাপানিয়া ইউনিয়নের বুড়ির পুকুর মোড় এলাকা থেকে তাকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সজিব দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।