শুক্রবার, ১৯ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনা তদন্তে আরও চার কার্যদিবস সময় পেল পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:১৩

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এ সময়সীমা বৃদ্ধি করেন।

তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যে খুদে বার্তার ভিত্তিতে নাঈম হাসানকে তল্লাশি করা হয়েছিল, সেটি কার মাধ্যমে বা কোন সংস্থা থেকে এসেছে, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে। এ কারণেই অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল, যা পুলিশ কমিশনার অনুমোদন করেছেন।

নাঈম হাসানের বড় ভাই কামরুল আলম বলেন, নাঈম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন এবং বর্তমানে সিলেটে খেলায় ব্যস্ত রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত ১২ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকা হেনস্তার শিকার হোন ক্রিকেটার নাঈম হাসান।

ভিডিও