এখন থেকে এসএসসিতে দেশের সব শিক্ষাবোর্ডে (সাধারণ) অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষাও এই নিয়মে হবে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, কোনো বোর্ড একটু নমনীয় প্রশ্ন করে, কোনো বোর্ড কঠিন প্রশ্ন করে। এক বাংলাদেশে এসএসসি বা এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না। এ ক্ষেত্রে তিনি একই প্রশ্নপত্রে বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার তথ্য তুলে ধরেন।
এক বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না। একই প্রশ্নপত্রে বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা হয়
শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমিয়ে আনতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারই অংশ হিসেবে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি ওই বছরের ৬ জুন শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।